সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার।।
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি লোহাগড়া উপজেলা সফর করেন। সফরকালে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
সফরের শুরুতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মান, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় বিভাগীয় কমিশনার সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং জনগণকে আরও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে বেলা দেড়টার দিকে তিনি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণকালে নড়াইলের জেলা প্রশাসক আব্দুস সালাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। সরকারি-বেসরকারি সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।”
এর আগে বিভাগীয় কমিশনার লোহাগড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন অনিয়ম ও সমস্যার বিষয় তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্য শোনার পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সরকারি দপ্তরের অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, “যেকোনো অনিয়মের তথ্য পেলে আপনারা সংবাদ প্রচার করবেন। এটা আপনাদের অধিকার।”
তিনি সরকারি সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের স্বার্থে প্রশাসনের সব স্তরে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :