নাইক্ষ্যংছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বাজার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এনামুল হাসান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,সদর ইউনিয়নে প্রশাসক মাহবুব এলাহী, ইয়াহিয়া খান মামুন,সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার বংশবিস্তার করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, নাইক্ষ্যংছড়িকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিয়মিত নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :