রাঙামাটিতে দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা বাজার ফান্ড এলাকার ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম পূর্বের ন্যায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (২৯ আগস্ট) সকালে শহরের হ্যাপি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বনরূপা পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল করিম মাস্টার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, খাগড়াছড়ি জেলার আহ্বায়ক আব্দুল মজিদ, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মো. ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, মহিলা পরিষদের সভাপতি মোরশেদা আক্তার, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বাজার ফান্ডের জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ভূমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে। ফলে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাঁরা বলেন, বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে পড়েছেন। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার বাধাগ্রস্ত হচ্ছে, নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না এবং বেকারত্বও বাড়ছে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা অবিলম্বে বাজার ফান্ড এলাকার ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম পূর্বের ন্যায় চালুর দাবি জানান।
আপনার মতামত লিখুন :