“ত্রি ভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের ধোপাছড়ী ইউনিয়নে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকালে ধোপাছড়ী তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, ধোপাছড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুসটি ধোপাছড়ী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
পরে মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল গফুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আবুল বারাকাত আকাশ। প্রধান বক্তা ছিলেন ছৈয়দ মাওলানা হাসান আল আজহারী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা নাজিম উদ্দিন।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অন্যায়-অবিচার ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আপনার মতামত লিখুন :